অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা হুমকি-ধামকির মামলায় জবাব দাখিলের শুনানি পিছিয়ে আগামী বছরের ১২ জানুয়ারি নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বৃহস্পতিবার ঢাকার ৩ নম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটির জবাব দাখিলের দিন ধার্য ছিল। তবে সংশ্লিষ্ট আদালতের বিচারক বদলি হওয়ায় ওইদিন শুনানি অনুষ্ঠিত হয়নি। ফলে নিয়ম অনুযায়ী পরবর্তী শুনানির জন্য আদালত নতুন তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার সাংবাদিকদের জানান, সাম্প্রতিক সময়ে বিচারক অন্যত্র বদলি হওয়ায় নির্ধারিত তারিখে মামলার শুনানি গ্রহণ সম্ভব হয়নি। নতুন বিচারক যোগদান করার পর মামলার নথিপত্র উপস্থাপন করে শুনানি গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এর আগে, গত ১৬ নভেম্বর অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী আদালতে আত্মসমর্পণ করে জামিন পান। ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর তৎকালীন বিচারক আফরোজা হক তানিয়া তাদের জামিন মঞ্জুর করেন।
মামলার অভিযোগে বলা হয়, দীর্ঘদিনের পরিচয়ের সূত্রে বাদী আমিরুল ইসলামের কাছ থেকে নতুন পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রলোভন দেখিয়ে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন মেহজাবীন চৌধুরী। তবে দীর্ঘদিনেও ব্যবসা কার্যক্রম শুরু না হওয়ায় টাকা ফেরত চাইলে তা দিতে কালক্ষেপণ করা হয়। একপর্যায়ে গত ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে বাদীকে জীবননাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
এই ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭(৩) ধারায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।
মন্তব্য করুন