ঢালিউড মেগাস্টার শাকিব খানকে ঘিরে এই সময় সরগরম চলচ্চিত্রপাড়া। তিনি যা করছেন, সেটাই মুহূর্তে আলোচনার কেন্দ্রে চলে আসছে। বিশেষ করে তার নতুন নতুন লুক ভক্তদের মধ্যে কৌতূহল ও উত্তেজনা বাড়াচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে একেবারে নতুন এক অবতারে ধরা দিয়ে আবারও তাক লাগালেন শাকিব খান।
এবার তাকে দেখা গেছে আভিজাত্যপূর্ণ এক রাজকীয় লুকে। পরনে ছিল ধবধবে সাদা রঙের শেরওয়ানি স্টাইল কোট ও ম্যাচিং প্যান্ট। কোটের কলার ও হাতায় সোনালি সুতোর সূক্ষ্ম কারুকাজ তার লুকে যোগ করেছে রাজকীয় আবহ। চোখে স্টাইলিশ সানগ্লাস, পরিপাটি চুল ও দাড়িতে তাকে যেন একেবারেই ‘প্রিন্স’ রূপে দেখা গেছে।
ছবির ক্যাপশনে শাকিব খান লিখেছেন একটি গভীর অর্থবহ লাইন— “যন্ত্রণার চিৎকারের চেয়ে গম্ভীর নীরবতা অনেক বেশি জোরালো শোনায়।” এই বার্তাও ভক্তদের মধ্যে নানা আলোচনা তৈরি করেছে।
শাকিবের পোস্টের মন্তব্যঘর ভরে গেছে প্রশংসায়। কেউ লিখেছেন, “মেগাস্টার রাজার মতো ছিলেন, আছেন, থাকবেন।” কেউ আবার মন্তব্য করেছেন, “প্রিন্স আসছে— শহর জানবে।”
এদিকে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত একটি কর্পোরেট অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। সেখানেও এই সাদা কোটেই তাকে দেখা যায়। অনুষ্ঠান মঞ্চে উঠে তিনি বরবাদ সিনেমার জনপ্রিয় সংলাপ ‘জিল্লু মাল দে’ বলে দর্শকদের মাতান এবং নিজের ক্যারিয়ারের পরিবর্তন ও ভবিষ্যৎ পরিকল্পনার কথাও জানান।
বর্তমানে শাকিব খান তার আসন্ন সিনেমা ‘সোলজার’ নিয়ে আলোচনায় আছেন। একই সঙ্গে ঈদে মুক্তির লক্ষ্য নিয়ে নির্মাতা আবু হায়াত মাহমুদের ‘প্রিন্স’ সিনেমার প্রস্তুতিও চলছে, যার শুটিং শুরু হলে প্রকাশ পাবে আরও নতুন লুক।
মন্তব্য করুন