বলিউডের অন্যতম আলোচিত দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খান। ২০১২ সালে বিয়ে করে দাম্পত্য জীবনে পা রাখেন তারা। বয়সের ব্যবধান প্রায় এক দশক হলেও এই তারকা জুটির রসায়ন বরাবরই ভক্তদের মুগ্ধ করে আসছে। তবে আজকের এই মজবুত সম্পর্কের পেছনে শুরুর দিনগুলো মোটেও সহজ ছিল না— সম্প্রতি এমনটাই স্বীকার করেছেন সাইফ আলি খান নিজেই।
২০০৮ সালে ‘টশন’ সিনেমার শুটিং সেটে প্রথম ঘনিষ্ঠতা বাড়ে তাদের। সে সময় শহীদ কাপুরের সঙ্গে সম্পর্ক ভেঙে একা ছিলেন কারিনা। সেই সেটেই কারিনাকে প্রেমের প্রস্তাব দেন পতৌদি পরিবারের নবাব। প্রেম শুরু হলেও সাইফের মনে তখন বাসা বাঁধে এক ধরনের নিরাপত্তাহীনতা।
সাইফ আলি খান বলেন, সম্পর্কের শুরুতে আবেগ এতটাই তীব্র থাকে যে বাস্তবতা অনেক সময় আড়ালে চলে যায়। তিনি স্বীকার করেন, কারিনার সঙ্গে কাজ করা অন্য অভিনেতাদের তিনি নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে শুরু করেছিলেন। কারণ এর আগে তিনি এমন অনেক নারীর সঙ্গে মিশেছেন, যাদের চলচ্চিত্র জগতের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। ফলে কারিনাকে নিয়ে নিজেকে সামলাতে পারছিলেন না তিনি।
তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই নিরাপত্তাহীনতা কাটিয়ে ওঠেন সাইফ। তার ভাষায়, কারিনা শুধু একজন সফল অভিনেত্রীই নন, তিনি একজন অসাধারণ স্ত্রী এবং মা। সংসারকে আগলে রাখার পাশাপাশি ভালোবাসা ও স্থিরতার যে পরিবেশ তৈরি করেছেন, তাতেই তাদের বাড়ি সত্যিকারের ‘ঘর’ হয়ে উঠেছে।
অতীতের সব ভয় পেছনে ফেলে আজ সাইফ ও কারিনা একে অপরের সবচেয়ে বড় শক্তি। সময়ের পরীক্ষায় তাদের সম্পর্ক যে আরও দৃঢ় হয়েছে, সেটাই প্রমাণ করছে এই তারকা দম্পতির দীর্ঘ পথচলা।
মন্তব্য করুন