কাজের ফাঁকে ছুটি কাটাতে দেশের বাইরে উড়াল দেওয়া ঢালিউড নায়িকা বিদ্যা সিনহা মিমের কাছে নতুন কিছু নয়। ভক্তদের কাছে ‘ভ্রমণকন্যা’ নামেই বেশি পরিচিত এই অভিনেত্রী এবার শীতের ছুটিতে পাড়ি জমিয়েছেন মালদ্বীপে। সেখানে সমুদ্রসৈকত, বালুকাবেলা আর বিলাসবহুল ওয়াটার ভিলাকে পেছনে রেখে একের পর এক আবেদনময়ী ও খোলামেলা ছবি শেয়ার করে আলোচনায় এসেছেন তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে মালদ্বীপ ভ্রমণের নানা মুহূর্তের ছবি নিয়মিত প্রকাশ করছেন মিম। সম্প্রতি সমুদ্রসৈকত থেকে পোস্ট করা নতুন ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। এর আগের দিন লাল রঙের খোলামেলা পোশাকে সমুদ্রের পাশে কাঠের ডেকে দাঁড়িয়ে থাকা ছবি প্রকাশ করেও নজর কাড়েন তিনি।
পরদিন আরও সাহসী ভঙ্গিতে ধরা দেন মিম। সাদা রঙের ব্রালেট ও প্যান্ট পরে সমুদ্রতীরের বালির ওপর শুয়ে থাকা ছবিতে তার পেছনে দেখা যায় বিলাসবহুল ওয়াটার ভিলা। অন্য একটি ছবিতে সমুদ্রের দিকে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে, যা তার ভ্রমণের আনন্দ আর মুক্ত মুহূর্তকেই ফুটিয়ে তুলেছে।
বরাবরের মতোই এসব ছবিতে ভক্তদের প্রশংসায় ভাসছেন মিম। অনেকেই তার ফিটনেস, স্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করছেন মন্তব্যে।
ব্যক্তিগত ভ্রমণের পাশাপাশি পেশাগত কাজেও ব্যস্ত সময় পার করছেন বিদ্যা সিনহা মিম। শোনা যাচ্ছে, তিনি জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর বিপরীতে নতুন একটি সিনেমার শুটিং শুরু করেছেন। এই সিনেমার মাধ্যমে শুভ-মিম জুটি তৃতীয়বারের মতো বড় পর্দায় একসঙ্গে আসছেন। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্য নিয়ে ইতোমধ্যে এক সপ্তাহ ধরে সিনেমাটির শুটিং চলছে, যা নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে।
মন্তব্য করুন