বিমা—যাকে বলা হয় বিপদের বন্ধু। দুর্যোগ, অনিশ্চয়তা কিংবা জীবনের কঠিন সময়ে আর্থিক সুরক্ষার এক নির্ভরতার নাম। কিন্তু সেই নির্ভরতার খাতেই এখন দেখা দিয়েছে আস্থার সংকট।
দেশের জীবন বিমা কোম্পানিগুলোতে গ্রাহকদের দাবি পরিশোধ না করায় বকেয়া টাকার পাহাড় জমেছে। ২০২৫ সাল শেষে প্রায় ১২ লাখ গ্রাহকের মোট ৪ হাজার ৪০৩ কোটি টাকার বেশি বিমা দাবি এখনো বকেয়া রয়েছে।
সংশ্লিষ্ট সূত্র বলছে, ওই বছরে গ্রাহকরা ১৩ হাজার ১৫৮ কোটি টাকার দাবি উত্থাপন করলেও কোম্পানিগুলো পরিশোধ করেছে মাত্র ৮ হাজার ৭৫৪ কোটি টাকা। এতে প্রায় ৪১ শতাংশ গ্রাহক তাদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত হয়েছেন।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘদিন ধরে দাবি পরিশোধে গড়িমসি, হয়রানি এবং প্রশাসনিক অনিয়মের কারণে বিমা খাতে গভীর আস্থাহীনতা তৈরি হয়েছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বিমা করার আগ্রহও কমে যাচ্ছে।
অন্যদিকে, ৩৫টি বেসরকারি জীবন বিমা কোম্পানির মধ্যে ২০টি প্রতিষ্ঠান আইন লঙ্ঘন করে ব্যবস্থাপনা খাতে অতিরিক্ত ব্যয় করেছে বলেও অভিযোগ উঠেছে।
খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই পরিস্থিতি অব্যাহত থাকলে পুরো বিমা শিল্পই ঝুঁকিতে পড়বে। তারা কঠোর নিয়ন্ত্রণ, স্বচ্ছতা নিশ্চিত এবং প্রয়োজনে দুর্বল কোম্পানিগুলোকে একীভূত করার পরামর্শ দিয়েছেন।
তাদের মতে, গ্রাহকের টাকা দ্রুত পরিশোধ নিশ্চিত করা না গেলে বিমা খাতের প্রতি আস্থা ফিরিয়ে আনা কঠিন হয়ে পড়বে।
মন্তব্য করুন