নায়িকা শবনম বুবলীর সঙ্গে ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং শেষ করেছেন অভিনেতা আব্দুন নূর সজল। ইতোমধ্যে সিনেমাটির সব লটের কাজ সম্পন্ন হয়েছে শেরপুরের সীমান্তবর্তী গ্রামীণ এলাকায়। পরিচালনা করেছেন রাশেদা আক্তার লাজুক। সজলের ভাষ্য অনুযায়ী, পরিচালক অত্যন্ত যত্ন ও পরিকল্পনার সঙ্গে শুটিং সম্পন্ন করেছেন।
বুবলীর সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে সজল বলেন, বুবলী খুবই সিনসিয়ার ও দায়িত্বশীল একজন শিল্পী। একেবারেই মনে হয়নি এটি তাদের প্রথম সিনেমা। বোঝাপড়াটা ছিল স্বাভাবিক এবং কাজের প্রতি তার মনোযোগ ছিল চোখে পড়ার মতো।
এদিকে চলতি মাসের মাঝামাঝিতে শুরু হচ্ছে সজলের নতুন সিনেমা ‘দুর্বার’-এর শুটিং। এতে তার বিপরীতে থাকছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সিনেমাটি পরিচালনা করবেন কামরুল হাসান ফুয়াদ। এটি মূলত থ্রিলার ঘরানার ছবি, যেখানে দর্শকদের জন্য থাকছে একাধিক চমক।
অপু বিশ্বাস সম্পর্কে সজল বলেন, তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন অভিনেত্রী। চুক্তিবদ্ধ হওয়ার পর থেকেই রিহার্সালে অংশ নিয়েছেন এবং সংলাপ ও চরিত্র বোঝার ক্ষেত্রে তিনি খুবই আন্তরিক ও সহযোগিতাপরায়ণ।
সজল জানান, ‘দুর্বার’ সিনেমার শুটিং দিয়েই তার বছরের কাজ শেষ হবে। পাশাপাশি আরও তিনটি নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার প্রত্যাশা, ২০২৬ সাল হবে তার ক্যারিয়ারের সিনেমার বছর।
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সজল বলেন, তিনি কোনো তাড়াহুড়ায় বিশ্বাসী নন। গল্প ও চরিত্রে ভিন্নতা থাকলেই কাজ করতে চান। তার লক্ষ্য, দিন শেষে ভালো কাজ দিয়ে দর্শকের মনে জায়গা করে নেওয়া।
মন্তব্য করুন