ফেসবুকের একটি পোস্ট থেকে গল্প নিয়ে নির্মিত হচ্ছে নতুন নাটক ‘পতন’। নির্মাণ ও চিত্রনাট্য করেছেন মহিন খান। নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান, আর তার স্বামীর ভূমিকায় দেখা যাবে রাশেদ সীমান্তকে।
বর্তমানে বাছাই করে কাজ করছেন অহনা রহমান। ভালো গল্প ও শক্তিশালী চরিত্র পেলেই তিনি শুটিংয়ে অংশ নেন। নতুন নাটক ‘পতন’ নিয়ে সংবাদমাধ্যমে অহনা বলেন, “মহিনের নির্দেশনায় আগেও কাজ করেছি। ‘পতন’-এর গল্প আর চিত্রনাট্য অসাধারণ। আমার চরিত্রে উত্থান-পতন অনেক— অভিনয়ের চ্যালেঞ্জও ছিল। সাধ্যমতো তুলে ধরার চেষ্টা করেছি। দর্শকের ভালো লাগবে বলে বিশ্বাস করি।”
গল্পের উৎস সম্পর্কে নির্মাতা মহিন খান জানান, ফেসবুকে দেখা একটি পোস্ট থেকেই নাটকের মূল ভাবনা এসেছে। পরে তিনি নিজের মতো করে চিত্রনাট্য সাজিয়েছেন।
গল্পে দেখা যাবে— সুখের সংসার নিয়ে এগিয়ে যাওয়া এক দম্পতি। হঠাৎ স্ত্রী অহনা চাকরি করার আগ্রহ প্রকাশ করেন। স্বামী পাঁচ লাখ টাকা জোগাড় করে তাকে চাকরি পাইয়ে দেন। কিন্তু চাকরিতে যোগ দেওয়ার পর বদলে যেতে থাকে অহনার আচরণ; স্বামী ও সংসার থেকে দূরত্ব বাড়তে থাকে। ঠিক সেই সময়ই চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়ে সে। আর তখনই জীবনের বাস্তবতা বুঝতে শুরু করে।
নির্মাতা জানিয়েছেন, নাটক ‘পতন’ শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। তারিখ ও চ্যানেলের নাম খুব শিগগির জানানো হবে।
মন্তব্য করুন