সোমালিয়া থেকে পৃথক হতে চাওয়া সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগের পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশসহ ১২টি মুসলিম দেশ। শনিবার এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
নিন্দা জানানো দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ, পাকিস্তান, সৌদি আরব, মিসর, সোমালিয়া, সুদান, লিবিয়া, আলজেরিয়া, ফিলিস্তিন, তুরস্ক, ইন্দোনেশিয়া এবং কুয়েত।
যৌথ বিবৃতিতে দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বলেন, সোমালিল্যান্ডে ইসরায়েলের দূত নিয়োগ সোমালিয়ার সার্বভৌমত্ব, ঐক্য এবং ভৌগোলিক অখণ্ডতার স্পষ্ট লঙ্ঘন। তারা এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনবিরোধী বলেও উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, কোনো রাষ্ট্রের ঐক্য ক্ষুণ্ন করে বা সার্বভৌমত্বে হস্তক্ষেপ করে—এমন একতরফা পদক্ষেপ তারা স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেন। এই ধরনের উদ্যোগ আন্তর্জাতিক সম্পর্কের জন্য বিপজ্জনক দৃষ্টান্ত তৈরি করতে পারে বলেও সতর্ক করা হয়।
এছাড়া দেশগুলো উল্লেখ করে, ইসরায়েলের এই পদক্ষেপ জাতিসংঘ সনদ এবং আফ্রিকান ইউনিয়নের মৌলিক নীতির পরিপন্থী। এর ফলে হর্ন অব আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।
বিশ্লেষকরা বলছেন, সোমালিল্যান্ডের আন্তর্জাতিক স্বীকৃতি না থাকায় সেখানে কোনো দেশের কূটনৈতিক পদক্ষেপ নেওয়া সবসময়ই সংবেদনশীল বিষয়। এর মধ্যে ইসরায়েলের এই উদ্যোগ নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়াতে পারে।
মন্তব্য করুন