ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মাইমুনা ফেরদৌস মম বিয়ে করেছেন চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক রাফায়েল আহসানকে। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকার ধানমণ্ডির একটি রেস্টুরেন্টে পরিবারের কাছের কয়েকজনকে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
জানা গেছে, মম ও রাফায়েলের পরিচয় প্রায় দেড় বছর আগে হয়। প্রেমের সম্পর্ক চলাকালীন দুজনে একে অপরকে ভালোভাবে বুঝেছেন এবং পারস্পরিক বোঝাপড়া আরও মজবুত করেছেন। প্রেমের কয়েক মাসের মধ্যেই তারা সংসার করার সিদ্ধান্ত নেন। পরে পরিবারকে জানিয়ে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়।
মাইমুনা মম গণমাধ্যমকে বলেন, “রাফায়েলের সততা আমাকে মুগ্ধ করেছে। কথাবার্তায় কোনো রাখঢাক নেই, সে খুবই স্ট্রেট ফরোয়ার্ড। সবচেয়ে দারুণ বিষয়, শেষ মুহূর্তে নতুন পরিকল্পনা করা।”
মম ২০২১ সাল থেকে নিয়মিত অভিনয় করছেন। এর আগে তিনি টানা ছয় বছর রেডিওতে ‘কথাবন্ধু’ হিসেবে কাজ করেছেন। তাঁর অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আজব কারখানা’। তবে মুক্তির দিক দিয়ে প্রথম সিনেমা ‘কাগজ’। বর্তমানে দেশের দুটি টেলিভিশন চ্যানেলে তার তিনটি ধারাবাহিক প্রচারিত হচ্ছে।
রাফায়েল আহসান ‘নয়ছয়’ সিনেমা নির্মাণ করেছেন। ২০১৪ সালে ছবিটি মুক্তি পায়। কয়েক বছর ধরে তিনি শুধু প্রযোজনায় যুক্ত ছিলেন। ‘ইন্টার্নশিপ’, ‘পেট কাটা ষ’, ‘দৌড়’, ‘আগস্ট ১৪’ প্রযোজনার সঙ্গে তিনি কাজ করেছেন।
মন্তব্য করুন