টালিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি—যিনি নিজের ব্যক্তিগত জীবনের উত্থান-পতনেও হার মানেননি হাসিমুখে। তিন-তিনবার বিয়ে ভেঙে গেলেও ছেলের প্রতি দায়িত্বে কখনও ফাঁকি দেননি তিনি। একা হাতে বড় করে তুলছেন ছেলে ঝিনুককে।
মাত্র ১৬ বছর বয়সে টালিউড পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে ভালোবাসার টানে বিয়ে করেছিলেন শ্রাবন্তী। পরের বছরই মা হন তিনি। তখনও স্কুলের গণ্ডি পেরোনো হয়নি তার। কিন্তু মাতৃত্বকে দায়িত্বের সঙ্গে গ্রহণ করে ছেলেকে বড় করে তুলেছেন স্নেহে ও পরিশ্রমে।
সম্প্রতি এক পডকাস্টে শ্রাবন্তী বলেন, “আমার কাছে ‘প্রায়োরিটি’ খুব জরুরি ছিল। তখন মনে হয়েছিল, ছেলেকে সময় দিতে হবে। হয়তো ছোট বয়সে বিয়ে করাটা ছিল পাগলামি, কিন্তু বিয়েটা না করলে আমার ঝিনুককে পেতাম না।”
তিনি আরও বলেন, “আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি তখন খুব ছোট ছিলাম। ছেলেকে সময় দিয়েছি, ওর জন্ম আর বেড়ে ওঠা আমি খুব এনজয় করেছি।”
নায়িকা হিসেবে শ্রাবন্তীর আত্মপ্রকাশ হয়েছিল ‘চ্যাম্পিয়ন’ সিনেমার মাধ্যমে, যা বক্স অফিসে দারুণ সফলতা পেয়েছিল। সেই সিনেমা দিয়েই শুরু হয় তার অভিনয়জীবনের জয়যাত্রা।
মন্তব্য করুন