বিশ্ব সংগীতের সর্বোচ্চ সম্মান গ্র্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা থেকে বাদ পড়েছেন পপ তারকা টেইলর সুইফট। ‘দ্য ইরাস ট্যুর’ দিয়ে বিশ্বজুড়ে ইতিহাস গড়া এই গায়িকার নাম নেই ৬৮তম গ্র্যামির মনোনয়ন তালিকায়—যা ভক্তদের অবাক করেছে।
১৪ বার গ্র্যামি জয়ী সুইফটের ক্যারিয়ারে এমন ঘটনা সর্বশেষ ঘটেছিল ২০০৬ সালে। গত বছর তার অ্যালবাম TTPD ছয়টি বিভাগে মনোনয়ন পেলেও কোনো পুরস্কার জিততে পারেননি। তার আগের বছর Midnights অ্যালবামের জন্য জিতেছিলেন বছরের সেরা অ্যালবাম ও সেরা পপ ভোকাল অ্যালবামের দুটি পুরস্কার।
বিশেষজ্ঞদের মতে, এবারের ‘দুর্ভাগ্যের’ কারণ হলো সুইফটের নতুন অ্যালবাম The Life of a Showgirl-এর মুক্তির সময়কাল। এটি মুক্তি পেয়েছে গত অক্টোবর মাসে, অথচ এবারের ৬৮তম গ্র্যামির যোগ্যতার সময়সীমা শেষ হয়েছে ৩০ আগস্টে।
ফলে এবারের গ্র্যামিতে জায়গা না পেলেও, ২০২৭ সালের গ্র্যামিতে অ্যালবামটি মনোনীত হবে বলে আশা করা হচ্ছে। এতে করে অষ্টমবারের মতো ‘অ্যালবাম অব দ্য ইয়ার’ বিভাগে মনোনয়নের সুযোগ পাবেন টেইলর সুইফট।
আগামী ১ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো অ্যারেনায় অনুষ্ঠিত হবে ৬৮তম গ্র্যামি অ্যাওয়ার্ড। অনুষ্ঠানের উপস্থাপক কে হবেন, তা এখনও ঘোষণা করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে—সুইফট নিজেই হয়তো এবারের আয়োজনে সঞ্চালনার দায়িত্ব নিতে পারেন।
মন্তব্য করুন