দেশে জ্বালানি তেলের কোনো প্রকৃত সংকট নেই, বরং একটি অসাধু চক্র কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার বিকেলে ঠাকুরগাঁওয়ের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিশ্ব পরিস্থিতির কারণে সরবরাহ ব্যবস্থায় কিছুটা চাপ থাকলেও বাংলাদেশে জ্বালানি তেলের কোনো বড় সংকট নেই। তবে কিছু ব্যক্তি ও চক্র অনৈতিকভাবে মজুতদারি ও কালোবাজারির মাধ্যমে বাজারে কৃত্রিম সংকট তৈরি করছে।
মির্জা ফখরুল আরও বলেন, এই ধরনের অপতৎপরতা কোনোভাবেই সহ্য করা হবে না। জনভোগান্তি সৃষ্টি করে যারা মুনাফা লুটছে, তাদের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে তিনি সাম্প্রতিক উন্নয়ন কর্মকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি জানান, ঠাকুরগাঁও পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর নিয়োগ, বিমানবন্দর সচলকরণ এবং মেডিকেল কলেজ স্থাপনের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ২০ কোটি টাকার অনুদান বিতরণ করা হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, নগদ অর্থ ও সহায়তা প্রদান করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশে রওনা হন।
মন্তব্য করুন