বিশ্বের অন্যতম বড় পোশাক বাজার যুক্তরাষ্ট্রে বড় পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন শীর্ষে থাকা চীন এবার পিছিয়ে পড়েছে, আর সেই সুযোগে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ।
রোববার প্রকাশিত যুক্তরাষ্ট্রের টেক্সটাইল ও অ্যাপারেল বিষয়ক সংস্থা অটেক্সার সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এখন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে ভিয়েতনাম।
বর্তমান তালিকায় প্রথম ভিয়েতনাম, দ্বিতীয় বাংলাদেশ এবং তৃতীয় স্থানে রয়েছে চীন। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া ও ভারত।
পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এই রপ্তানি ৮ দশমিক ৫৩ শতাংশ কমেছে।
অন্যদিকে, একই সময়ে ভিয়েতনাম ২ দশমিক ৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করে শীর্ষস্থান দখল করেছে। তাদের রপ্তানি আগের বছরের তুলনায় ২ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।
সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে চীন। বছরের প্রথম দুই মাসে দেশটির রপ্তানি কমেছে ৫৭ দশমিক ৬৫ শতাংশ। এই সময়ে তারা মাত্র ১ দশমিক ১৭ বিলিয়ন ডলারের পোশাক রপ্তানি করতে পেরেছে।
বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের আরোপিত পাল্টা শুল্ক এবং বৈশ্বিক বাজারের পরিবর্তনের কারণেই এই বড় পরিবর্তন দেখা যাচ্ছে।
এদিকে, সামগ্রিকভাবে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানিও কমেছে। আলোচ্য সময়ে দেশটি মোট ১১ দশমিক ৫৩ বিলিয়ন ডলারের পোশাক আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ৪৭ শতাংশ কম।
বিশ্লেষকদের মতে, এই পরিবর্তন বাংলাদেশের জন্য বড় সুযোগ তৈরি করেছে। তবে এই অবস্থান ধরে রাখতে হলে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানো এবং নতুন বাজার খোঁজার ওপর জোর দিতে হবে।
মন্তব্য করুন