কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে পত্রিকার মোড়ক উন্মোচন করেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)।
একটি বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সাহসী গণমাধ্যমই সমাজের প্রকৃত দর্পণ—এমন মন্তব্য করেছেন মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ-শ্রীমঙ্গল) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেন, স্থানীয় সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন কার্যক্রম ও জনদুর্ভোগ তুলে ধরতে শক্তিশালী সংবাদপত্রের কোনো বিকল্প নেই।
শনিবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’-এর বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তিনি। এ সময় তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, পত্রিকাটি অচিরেই এলাকার মানুষের মুখপাত্রে পরিণত হবে।
অনুষ্ঠানে পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক কালের কণ্ঠের মৌলভীবাজারের মাল্টিমিডিয়া প্রতিনিধি সালাহউদ্দিন শুভ স্বাগত বক্তব্য দেন। পত্রিকার প্রকাশক ও সম্পাদক পারভেজ আহমেদের সভাপতিত্বে এবং কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি নির্মল এস পলাশের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করা হয়।
পরে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং পত্রিকার সম্পাদকমণ্ডলী, নির্বাহী সম্পাদক, বার্তা সম্পাদক, বিজ্ঞাপন ব্যবস্থাপক ও নিজস্ব প্রতিবেদকদের মাঝে আইডি কার্ড বিতরণ করেন প্রধান অতিথি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আওয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুল আলম ভূঁইয়া এবং মৌলভীবাজার প্রেসক্লাবের আহ্বায়ক মো. বকশি ইকবাল, সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল পত্রিকার নির্বাহী সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক মো. আহমেদুজ্জামান আলম, সাংবাদিক মো. আব্দুল হান্নান চিনু, লেখক ও গবেষক আহমদ সিরাজ, বিশ্বজিৎ রায়, এম এ ওয়াহিদ রুলু, ধলাইর ডাক টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক মো. আনহার আলী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় জেলা ও উপজেলার সাংবাদিকবৃন্দ।
আলোচনা পর্বে বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক উন্নয়ন, দুর্নীতি প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা অপরিসীম।’
বক্তারা আরও উল্লেখ করেন, কমলগঞ্জের শিক্ষা, সংস্কৃতি, কৃষি, চা-বাগান এলাকা এবং জনজীবনের নানা দিক তুলে ধরার ক্ষেত্রে ‘সাপ্তাহিক কমলগঞ্জের হালচাল’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সমস্যা ও সম্ভাবনার বাস্তব চিত্র উপস্থাপনের মাধ্যমে পত্রিকাটি জনমত গঠনে কার্যকর অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে কেক কাটা, ফটোসেশন ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। নতুন এই সাপ্তাহিক পত্রিকার যাত্রা স্থানীয় সাংবাদিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে বলে উপস্থিতদের অভিমত।
মন্তব্য করুন