ইরানের নবনিযুক্ত সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির বর্তমান অবস্থা নিয়ে নতুন করে রহস্য তৈরি হয়েছে। এই বিষয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
শনিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে একবারের জন্যও জনসমক্ষে দেখা যায়নি।
তার এই দীর্ঘ অনুপস্থিতি ইরানের নেতৃত্বের স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে বলেও মন্তব্য করেন তিনি।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কি না, তা নিয়েই তার সন্দেহ রয়েছে। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির কোনো অকাট্য প্রমাণ দিতে পারেনি।
তিনি আরও বলেন, যদি খামেনি বেঁচে থাকেন, তাহলে নিজের দেশের স্বার্থে তার একটি ‘বুদ্ধিমানের কাজ’ করা উচিত—আর তা হলো আত্মসমর্পণ করা।
তবে একইসঙ্গে ট্রাম্প স্বীকার করেন, খামেনির মৃত্যুর বিষয়টি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না এবং এটিকে আপাতত গুজব হিসেবেও উল্লেখ করেন তিনি।
এদিকে ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধে এই মুহূর্তে কোনো ধরনের সমঝোতা বা চুক্তিতে রাজি নন বলেও স্পষ্ট জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ইরান একটি চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছে, কিন্তু বর্তমান শর্তগুলো যুক্তরাষ্ট্রের জন্য যথেষ্ট সুবিধাজনক নয়।
তার মতে, ভবিষ্যতে যদি কোনো চুক্তি হয়, সেটি অবশ্যই অত্যন্ত শক্তিশালী হতে হবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থের পক্ষে থাকতে হবে।
ইরানের সম্ভাব্য বিকল্প নেতৃত্ব নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প নির্দিষ্ট কোনো নাম উল্লেখ করেননি। তবে তিনি ইঙ্গিত দিয়ে বলেন, তাদের কাছে এমন কিছু যোগ্য মানুষ রয়েছে যারা ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব দিতে পারে।
মন্তব্য করুন