ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড প্রধান ও প্রতিরক্ষামন্ত্রী নিহত হয়েছেন। এ সময় তেহরান ও অন্যান্য শহরে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, “আমরা সম্ভবত কয়েকজন কমান্ডারকে হারিয়েছি। তবে সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন। উচ্চপদস্থ সকল কর্মকর্তা তাদের অবস্থানে রয়েছেন এবং আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করছি।”
হামলায় খামেনির প্রাসাদ ধ্বংস হলেও, দেশটির শীর্ষ নেতা নিরাপদ আছেন বলে নিশ্চিত করা হয়েছে। তেহরানসহ মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলা শুরু হয়েছে। বাহরাইনের মানায় মার্কিন নৌবহরের সদরদপ্তরে ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটিতে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
ইরানের ওপর সামরিক হুমকির জবাবে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগরে জাহাজ চলাচল ও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর ঘোষণা দিয়েছে। তবে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্ক করেছেন, পরিস্থিতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াচ্ছে।
সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি দেশ ইরানের হামলার নিন্দা জানিয়েছে। তেহরানের নিরাপত্তা কাউন্সিল রাজধানী ছাড়ার পরামর্শ দিয়েছে। পরিস্থিতি এখন খুবই অনিশ্চিত এবং এ অঞ্চলের সাধারণ মানুষকে সাবধান থাকার আহ্বান জানানো হচ্ছে।
মন্তব্য করুন