দীর্ঘ প্রতীক্ষার পর প্রকাশিত হয়েছে সিরাজগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের নির্বাচনী ফলাফল। প্রাপ্ত বেসরকারি ফলাফলে দেখা গেছে, জেলার সবগুলো আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। একসময় আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত কয়েকটি আসনেও এবার বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন লক্ষ্য করা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, সিরাজগঞ্জ-১ আসনে কাজীপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত এই আসনে বিএনপির প্রার্থী সেলিম রেজা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জ-২ আসনে সদর ও কামারখন্দ এলাকায় সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বিপুল ভোটে জয় পেয়েছেন। সিরাজগঞ্জ-৩ আসনে রায়গঞ্জ ও তাড়াশ নিয়ে গঠিত এলাকায় তৃণমূল পর্যায়ের জনপ্রিয় নেতা ভিপি আয়নুল হক নির্বাচিত হয়েছেন।
এছাড়া সিরাজগঞ্জ-৪ উল্লাপাড়া আসনে এম আকবর আলী বিজয়ী হয়েছেন। সিরাজগঞ্জ-৫ বেলকুচি ও চৌহালী আসনে ধানের শীষ প্রতীক নিয়ে জয় পেয়েছেন আমিরুল ইসলাম খান। অন্যদিকে সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনে বিএনপির প্রার্থী ডা. এম.এ মহিত বেসরকারিভাবে বিজয়ী ঘোষিত হয়েছেন।
ফলাফল ঘোষণার পর জেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল ও উল্লাসে অংশ নেন। সাধারণ ভোটারদের দাবি, সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারায় তারা পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে পেরেছেন। নবনির্বাচিত সংসদ সদস্যরা জেলার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার করেছেন। এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন-পরবর্তী পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
মন্তব্য করুন