নতুন সরকারে সিরাজগঞ্জের রাজনৈতিক ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রীসভায় একই পরিবারের দুই সদস্য—মামা ও ভাগ্নে—অন্তর্ভুক্ত হয়ে শপথ গ্রহণ করেছেন। বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে ড. এম এ মুহিত মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় পুরো সিরাজগঞ্জ জুড়ে বইছে উৎসবের আমেজ।
শপথ গ্রহণ অনুষ্ঠান
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নতুন মন্ত্রীসভার সদস্যদের শপথ পাঠ করান। সেখানেই সিরাজগঞ্জের এই দুই কৃতি সন্তান দেশের সেবায় শপথ নেন। ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ), বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। ২০০১ সালেও তিনি বিদ্যুৎ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন। ড. এম এ মুহিত, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চক্ষু বিশেষজ্ঞ। তিনি সাবেক উপ-প্রধানমন্ত্রী ডা. এম এ মতিনের ছেলে। এবারই প্রথম নির্বাচিত হয়ে চমক দেখালেন। একই পরিবারের দুই সদস্য মন্ত্রীসভায় জায়গা পাওয়ায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ শুরু হয়েছে। সিরাজগঞ্জ সদর থেকে শুরু করে শাহজাদপুর পর্যন্ত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল ও প্রত্যাশা তৈরি হয়েছে। এলাকার অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এই “মামা-ভাগ্নে” জুটি কী ভূমিকা রাখেন, এখন সেটিই দেখার বিষয়। এটি শুধু একটি পরিবারের অর্জন নয়, বরং সিরাজগঞ্জবাসীর জন্য বড় পাওয়া। আমরা আশাবাদী তারা জনকল্যাণে নিবেদিত থাকবেন।” — স্থানীয় এক রাজনৈতিক কর্মী।
মন্তব্য করুন