বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। কিছুটা সময় নিজের মতো কাটানো ও অবসর নেওয়াই ছিল তার এ সফরের মূল উদ্দেশ্য। তবে অবসরযাপনের মাঝেই তিনি অংশ নিচ্ছেন নানা স্টেজ শো ও অনুষ্ঠানেও।
নায়িকার সর্বশেষ আপডেট পাওয়া গেছে তার ফেসবুক পোস্ট ও নিউইয়র্ক থেকে প্রচারিত এক টিভি অনুষ্ঠানের মাধ্যমে।
জানা গেছে, নিউইয়র্কে মাহি অবস্থান করছেন ঢালিউডের আরেক জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফের বাসায়। সম্প্রতি তিনি অতিথি হিসেবে যোগ দেন চিত্রনায়ক জায়েদ খানের জনপ্রিয় অনুষ্ঠান ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ধারণ করা এই অনুষ্ঠানে নায়িকা তার ক্যারিয়ারের উত্থান-পতন, অভিজ্ঞতা এবং ব্যক্তিজীবনের নানা প্রসঙ্গ খোলামেলাভাবে তুলে ধরেন।
শোতে খাবারের রুচি নিয়ে প্রশ্ন করা হলে মাহি জানান, তার সবচেয়ে প্রিয় খাবার ভাত আর শুঁটকি ভর্তা। তিনি বলেন—“আমার ভাত আর শুঁটকি ভর্তা খুব পছন্দ। বিরিয়ানিও ভালোবাসি, তবে ভাতই বেশি ভালো লাগে।”
জায়েদ খান প্রশ্ন করেন—আমেরিকায় থেকে কি বাংলা খাবার মিস করছেন?
মাহি হেসে জবাব দেন—“না, একদমই না। কারণ আমি আমার বড় ভাই, নায়ক মারুফ ভাইয়ের বাসায় থাকছি। যা খেতে চাই বললেই ভাবি রান্না করে দেন।”
বাংলাদেশ সময় শুক্রবার ২১ নভেম্বর রাত ৮টায় ঠিকানা টিভির ইউটিউব ও ফেসবুক পেজে প্রচারিত হয় অনুষ্ঠানটির পুরো পর্ব। দর্শকদের কাছে এটি ব্যাপক সাড়া ফেলেছে।
মন্তব্য করুন