অস্কারজয়ী সংগীতপরিচালক ও সুরকার এআর রহমান বিবাহবিচ্ছেদের পর প্রথমবার নিজের ব্যক্তিগত চাপ, খ্যাতির মূল্য এবং জীবনযাপনের সংকট নিয়ে কথা বলেছেন।
‘স্লামডগ মিলিয়নিয়ার’ সিনেমার সুরে বিশ্বজয়ী এ সংগীতগুরু ২৯ বছর কাটিয়েছেন স্ত্রী সায়রা বানুর সঙ্গে, তবে গত বছর হঠাৎ বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। বিচ্ছেদের কারণ প্রকাশ্যে আনেননি এআর রহমান বা সায়রা, তবে সায়রা জানান, ব্যক্তিগত সম্পর্ক যাই থাকুক, রহমানের প্রতি মানুষের সম্মান তার কাছে অটুট।
এআর রহমান বলেন, চেন্নাইতে থাকা এবং খ্যাতি তার জীবন বদলে দিয়েছে। খ্যাতি তাকে যেমন জনপ্রিয়তা দিয়েছে, ঠিক তেমনই কেড়ে নিয়েছে স্বাভাবিক জীবনযাপনের স্বাধীনতা। বাইরে গেলে ছবি তোলার অনুরোধ, বিমানবন্দর বা বিয়েবাড়িতে অসংখ্য মানুষ তাকে ঘিরে থাকে। তাই এখন আর বিয়েবাড়িতে খেতে যাওয়ার চেষ্টা করেন না।
তিনি আরও বলেন, বিদেশে ব্যক্তিগত পরিসর সম্মান করা হয়, কিন্তু দেশে জনমুখী হওয়া যেন এক ধরনের চ্যালেঞ্জ। তবু দেশের মাটির প্রতি টান তাকে চেন্নাই ছাড়তে দেয়নি। সবকিছুর মধ্যেও এখানেই থেকেছেন, এখানেই কাজ করেছেন।
এবারের সাক্ষাৎকারে স্পষ্ট হয়েছে, গ্ল্যামারের আড়ালে লুকিয়ে থাকে শিল্পীর অগোচর ত্যাগ, নীরবতা ও অস্বস্তি, যা জনপ্রিয়তার সঙ্গে জড়িয়ে থাকে।
মন্তব্য করুন