ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। অর্থ আত্মসাৎ, হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে দায়ের করা মামলায় তারা আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।
রোববার আদালত সূত্রে জানা যায়, গত ১০ নভেম্বর নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে এ নির্দেশ দেন। আগামী ১৮ ডিসেম্বর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রাখা হয়েছে।
মামলার বাদী আমিরুল ইসলাম অভিযোগ করেন, পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে আসামিরা বিভিন্ন সময় সাতাশ লাখ টাকা নেন। কিন্তু দীর্ঘদিন পরেও কোনো ব্যবসা না শুরু করে টাকা ফেরত চাইলে হুমকি-ধামকি দেন।
ঘটনার অভিযোগে বাদী ঢাকার আদালতে ১০৭/১১৭(৩) ধারায় মামলা দায়ের করেন।
তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন। তিনি ফেসবুকে লিখেছেন—‘আমার নামে কিছু ভিত্তিহীন মামলা সংক্রান্ত খবর ছড়িয়ে পড়ছে। দয়া করে যাচাইবাছাই ছাড়া সংবাদ প্রকাশ করবেন না।’
এই ঘটনায় বিনোদন অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। আগামী ১৮ ডিসেম্বরের আগে এই মামলার পরবর্তী পদক্ষেপ নিয়ে সবার চোখ এখন আদালতের দিকে।
মন্তব্য করুন