সৌদি আরবের রিয়াদ শহরে ষষ্ঠবারের মতো শুরু হয়েছে রিয়াদ সিজন। গত ১০ অক্টোবর শুরু হওয়া এই আয়োজনে অংশ নিচ্ছে ১৪টি দেশ। প্রতিটি দেশের জন্য বরাদ্দ রাখা হয়েছে বিশেষ কয়েকটি দিন। ওই দিনগুলোয় দেশগুলো তাদের সংগীত, নৃত্য, ঐতিহ্যবাহী পোশাক ও খাবার প্রদর্শন করবে।
রিয়াদ সিজনের বাংলাদেশি পর্ব ‘বাংলাদেশ কালচার’ নামে আয়োজন করা হয়েছে এবং এটি চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। গতকাল প্রথম দিনে মঞ্চে উপস্থিত ছিলেন আকাশ মাহমুদ, মুহাম্মদ ইমরান, হুমায়রা ঈশিকা ও ডিজে তুরিন এমএনআর। আজ তাদের সঙ্গে থাকছেন বেলাল খান, পুষ্পিতা মিত্র, ইশরাত জাহান জুঁই এবং ডিজে তুরিন এমএনআর। ১৩ নভেম্বর মনির খান বিশেষ পারফর্ম করবেন এবং শেষ দিন ১৪ নভেম্বর গান পরিবেশন করবেন আসিফ আকবর। এছাড়া আকাশ মাহমুদ, ডিজে তুরিন, পুষ্পিতা মিত্র ও ইশরাত জাহান জুঁই থাকবেন শেষ দিনের অনুষ্ঠানে। অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি বিশেষ পারফর্মে অংশ নেবেন।
সংগীতের পাশাপাশি বাংলাদেশি নৃত্য, বাদ্যযন্ত্র, ঐতিহ্যবাহী পোশাক ও খাবারের প্রদর্শনী হবে। ২০১৯ সাল থেকে সৌদি সরকার নিয়মিত আয়োজন করে আসছে ‘রিয়াদ সিজন’, যা বিনোদন, সংস্কৃতি ও খেলাধুলার একটি বড় আয়োজন হিসেবে প্রতিদিন হাজার হাজার দর্শককে আকর্ষণ করে।
মন্তব্য করুন