হলিউডের সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলি সম্প্রতি ইউক্রেন সফর করেছেন। ইউনিসেফের অ্যাম্বাসেডর হিসেবে এটি তার দ্বিতীয় সফর। এই সফরের সময় জোলি কয়েকটি শিশু হাসপাতাল, প্রসূতি ওয়ার্ড এবং জরুরি পরিষেবা কেন্দ্র পরিদর্শন করেন।
ছবিতে দেখা গেছে, জোলি বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরে, সরাসরি যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকার নিরাপত্তা নিয়ে তদারকি করছেন।
তবে সফরের মাঝেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুযায়ী, জোলির দলের এক সদস্যকে চেকপোস্টে আটক করা হয় এবং ইউক্রেনীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্তির নির্দেশ দেওয়া হয়। জানা গেছে, ওই ব্যক্তি ছিলেন জোলির ড্রাইভার।
পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, জোলির এই সফর ইউক্রেন সরকারের সঙ্গে সমন্বয় করে করা হয়নি, এবং তিনি হেঁটে দেশে প্রবেশ করেছিলেন। ইউক্রেনীয় আর্মি ল্যান্ড ফোর্সেস একটি বিবৃতি শেয়ার করলেও তা দ্রুত মুছে দেওয়া হয়। তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত বা অস্বীকার করেনি।
জোলি ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর লভিভে সফর করেছিলেন। তবে এবার তিনি আরও বিপজ্জনক এলাকা, যেমন সম্মুখসারির শহর খেরসন এবং দক্ষিণ ইউক্রেনের অন্যান্য যুদ্ধকবলিত অঞ্চলে পৌঁছেছেন।
মন্তব্য করুন