বলিউড বাদশাহ শাহরুখ খানের সিনেমায় যেন দীপিকা পাড়ুকোন থাকলেই ম্যাজিক ঘটে। ২০০৭ সালে ‘ওম শান্তি ওম’ দিয়ে শুরু, এরপর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘পাঠান’ ও ‘জওয়ান’— প্রতিটি ছবিতেই দর্শক মুগ্ধ হয়েছেন এই জুটির রসায়নে।
নিজের জন্মদিনে শাহরুখ খান ভক্তদের উপহার দিয়েছেন তার নতুন সিনেমা ‘কিং’-এর প্রথম ঝলক। সেদিন প্রেক্ষাগৃহে সিনেমার ঝলক দেখানো হয় এবং শাহরুখ খান কথা বলেন ভক্তদের সঙ্গে। তখনই উঠে আসে দীপিকার নাম।
শাহরুখ খান বলেন, “আমার সিনেমায় দীপিকা না থাকলে যেন কিছু একটা অপূর্ণ লাগে। ও আমার লাকি চার্ম।” তিনি আরও বলেন, “আমার সঙ্গে দীপিকা আছে বলেই সিনেমায় ভালোবাসা থাকবেই।”
জানা গেছে, আসন্ন ‘কিং’ সিনেমায় আবারও জুটি বাঁধছেন শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন। ছবিটি হবে থ্রিলার-অ্যাকশন ঘরানার, যেখানে দেখা যাবে শাহরুখকে এক নতুন রূপে।
ভক্তরা বলছেন— শাহরুখ-দীপিকা মানেই ব্লকবাস্টার নিশ্চয়তা।
মন্তব্য করুন