আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মোট ২৩৭টি আসনে একক প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। তবে তালিকায় স্থান পাননি দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ও বিএনপির সক্রিয় নেতা রুমানা মোর্শেদ কনকচাঁপা।
সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর) আসন থেকে মনোনয়নের আশায় ছিলেন কনকচাঁপা। তবে সোমবার ঘোষিত তালিকায় তার নাম আসেনি। দলের পক্ষ থেকে ওই আসনে প্রার্থীর নাম আপাতত স্থগিত রাখা হয়েছে।
মনোনয়ন না পাওয়া নিয়ে কনকচাঁপা কোনো তীব্র প্রতিক্রিয়া দেখাননি। তিনি সোমবার রাতে নিজের ফেসবুকে লিখেছেন, ‘এই পৃথিবীর কোনো ফায়সালাতেই আমি কিছু ভাবি না। আল্লাহ ভালো বুঝবেন আমার জন্য কী ভালো হবে। তার চেয়ে ভালো বোঝে এমন কে আছেন এই জগতে! অতএব, আলহামদুলিল্লাহ।’
নেটিজেনরা তার এই সংযত ও শান্ত মনোভাবের প্রশংসা করছেন। ২০১৮ সালের নির্বাচনে একই আসনে কনকচাঁপা বিএনপির প্রার্থী ছিলেন।
রাজনীতিতেও সক্রিয় কনকচাঁপা বর্তমানে সিরাজগঞ্জ জেলা বিএনপির সদস্য এবং অঙ্গসংগঠন জাসাসের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য করুন