১৯৯৫ সালের ১২ আগস্ট— সালমান শাহ ও সামিরার বিবাহবার্ষিকী। সেই বিশেষ দিনটি উদ্যাপন করতে স্ত্রীকে নিয়ে নেপালে যান বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। সেখানকার একটি পাঁচতারা হোটেলে অবস্থান করেন তারা। আর সেখানেই ঘটে এক অবিশ্বাস্য ঘটনা।
সালমান শাহর ঘনিষ্ঠ সূত্র জানায়, ওই হোটেলেই তখন অবস্থান করছিলেন বলিউড কিং শাহরুখ খান ও তার স্ত্রী গৌরী খান। হোটেলের ম্যানেজারকে সালমান শাহ সেদিন বলেন, “আজ রাত ৯টা পর্যন্ত যারা ডিনার করবেন, তাদের সবার বিল আমি দেব। আজ আমাদের বিবাহবার্ষিকী, আমি বাংলাদেশের সুপারস্টার।”
ঘটনাটি জানতে পারেন শাহরুখ খান। পরে গৌরীকে নিয়ে ফুল হাতে সালমান শাহর রুমে হাজির হন তিনি। হঠাৎ শাহরুখকে সামনে দেখে বিস্মিত হন সালমান শাহ। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক।
সূত্রটি জানায়, সেদিন সালমান ও শাহরুখের মধ্যে সিনেমা নিয়েও দীর্ঘ আলোচনা হয়। এমনকি তারা একসঙ্গে একটি চলচ্চিত্রে কাজ করার পরিকল্পনাও করেছিলেন। যদিও সালমান শাহর অকাল মৃত্যুতে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়নি।
২০১০ সালে ঢাকায় এক অনুষ্ঠানে এসে শাহরুখ খান নাকি সেই অসমাপ্ত পরিকল্পনার কথা স্মরণও করেছিলেন— এমনটিও জানান সালমান শাহর ঘনিষ্ঠজন।
মন্তব্য করুন