আবারও আলোচনায় এসএস রাজামৌলির বিখ্যাত সৃষ্টি ‘বাহুবলী’। ২০১৫ সালের বাহুবলী: দ্য বিগিনিং ও ২০১৭ সালের বাহুবলী: দ্য কনক্লুশন—দুই পর্ব মিলিয়ে নতুন নাম ‘বাহুবলী: দ্য এপিক’ হিসেবে গতকাল ভারতে মুক্তি পেয়েছে ৩ ঘণ্টা ৪৪ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমা।
এই পুনঃমুক্তির উন্মাদনার মধ্যেই পরিচালক রাজামৌলি দিলেন আরও এক চমকপ্রদ খবর—বাহুবলীর গল্প নিয়ে এবার আসছে থ্রিডি অ্যানিমেশন সিনেমা, নাম ‘বাহুবলী: দ্য এটারনাল ওয়ার’!
রাজামৌলি জানিয়েছেন, গত আড়াই বছর ধরে তৈরি হচ্ছে এই অ্যানিমেশন সিনেমাটি। প্রযোজক শোবু ইয়ারলাগাড্ডা চান বাহুবলী ফ্র্যাঞ্চাইজিকে আরও বড় পরিসরে বিশ্বজুড়ে ছড়িয়ে দিতে। বর্তমানে রাজামৌলি নতুন সিনেমায় মহেশ বাবুর সঙ্গে ব্যস্ত থাকায় অ্যানিমেশন সিনেমাটি পরিচালনা করছেন ঈশান শুক্লা।
জানা গেছে, বাহুবলী: দ্য এটারনাল ওয়ার তৈরিতে খরচ হয়েছে প্রায় ১২০ কোটি রুপি। এই বাজেট শুনে অবাক হয়েছেন প্রভাসও। তিনি মজা করে বলেন, “আমাদের প্রথম বাহুবলীর বাজেটও তো এত ছিল না!” যদিও পরবর্তীতে সেটি বেড়ে দাঁড়ায় ১৮০ কোটি রুপিতে।
তবে এটি বাহুবলীর তৃতীয় পর্ব নয়—রাজামৌলির ভাষায়, এটি পুরনো চরিত্রদের নিয়ে নতুন এক যাত্রার গল্প। তিনি বলেন, “আমরা আগেই আমাজনে বাহুবলীর টুডি অ্যানিমেশন শো করেছিলাম। এবার দর্শকরা প্রিয় চরিত্রগুলোকে দেখবে এক নতুন থ্রিডি জগতে।”
যদিও বাহুবলী: দ্য এটারনাল ওয়ার-এর মুক্তির তারিখ এখনো ঘোষণা হয়নি, তবে সদ্য মুক্তিপ্রাপ্ত বাহুবলী: দ্য এপিক-এর প্রদর্শনের বিরতিতে এর টিজার দেখানো হচ্ছে প্রেক্ষাগৃহে।
মন্তব্য করুন