আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড় নিয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রকে ঘিরে চলমান আলোচনা প্রক্রিয়া।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছানোর আগেই পাকিস্তান ত্যাগ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি নেতৃত্বাধীন প্রতিনিধি দল।
শনিবার দিনভর তারা পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এর মধ্যে ছিলেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির।
বৈঠক শেষে ইরানি প্রতিনিধি দল ইসলামাবাদ ত্যাগ করে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র। এর কিছুক্ষণ আগেই আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স একটি মোটর শোভাযাত্রার ছবি প্রকাশ করে জানায়, তারা শহর ছাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আব্বাস আরাঘচির সঙ্গে অত্যন্ত ফলপ্রসূ, উষ্ণ ও আন্তরিক আলোচনা হয়েছে। আলোচনায় আঞ্চলিক পরিস্থিতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থের বিষয়গুলো গুরুত্ব পায়।
এর আগে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার জানান, এই বৈঠক প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়েছিল এবং সেখানে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য কূটনীতির গুরুত্ব তুলে ধরা হয়।
অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছিল, যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারসহ একটি প্রতিনিধি দল শনিবার পাকিস্তানে পৌঁছাবে।
তবে ইরানি পক্ষ আগেই স্পষ্ট করেছে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের কোনো সম্ভাবনা নেই।
সব মিলিয়ে, ইসলামাবাদে এই কূটনৈতিক সফর শেষ হলেও ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।
মন্তব্য করুন