বাগেরহাটের রামপাল উপজেলাে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নবদম্পতিসহ ১৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রামপালের বেলাই ব্রিজের কাছে মাইক্রোবাস ও নৌবাহিনীর একটি স্টাফ বাসের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে রয়েছেন নববধূ মারজিয়া আক্তার মিতু (২৪) এবং তার স্বামী আবিদুর রহমান সাব্বির (২৮)।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে খুলনার কয়রা উপজেলা থেকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে তারা এই দুর্ঘটনার শিকার হন।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে মিতুর মরদেহ নিজ গ্রাম নাকশায় নিয়ে যাওয়া হয়। তার সঙ্গে নিহত হন ছোট বোন লামিয়া, দাদি রাশিদা বেগম এবং নানি আনোয়ারা বেগম।
অন্যদিকে একই রাতে মংলা উপজেলার শেলাবুনিয়া এলাকায় পৌঁছায় নববর সাব্বিরের মরদেহ। তার সঙ্গে নিহত হয়েছেন বাবা আব্দুর রাজ্জাক, মা আঞ্জুমানারা, বোন ঐশী, বোনজামাই সামিউল আলমসহ পরিবারের আরও কয়েকজন সদস্য।
এ ঘটনায় দুটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
শুক্রবার জুমার নামাজের পর মংলা উপজেলা মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মন্তব্য করুন