নরসিংদীসহ সারাদেশে ঘটে যাওয়া ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)শিক্ষার্থীরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশে করেন তারা।
এসময় তাদের “আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাই নাই” “আমার বোনকে ধর্ষণ করে প্রশাসন কী করে” “দিন দুপুরে ধর্ষণ করে প্রশাসন কি করে” “ধর্ষকদের চামড়া তুলে নিবো আমরা” “একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর” “আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ” “আমাদের একশন ডাইরেক্ট একশন” “চাঁদাবাজদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন” “ধর্ষকদের বিরুদ্ধে ডাইরেক্ট একশন” “দড়ি লাগলে দড়ি নে ধর্ষকদের ফাঁসি দে” “ধর্ষকদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও” ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
সমাবেশে ‘সোচ্চার‘ ইবি শাখার আহ্বয়াক রাহাত আব্দুল্লাহ বলেন, “গত ১৫ দিন আগে ঘটে যাওয়া ধর্ষণের বিচারের দাবিতে আমাদের রাস্তায় নামতে হচ্ছে; এটা জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা কুলাঙ্গার ধর্ষকদের দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা দেখেছি, গত রাতে নরসিংদীতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু মূল হোতা বা আসল ধর্ষক এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।
আমরা লক্ষ্য করছি, ধর্ষকরা কোনো না কোনো রাজনৈতিক দলের প্রশ্রয়ে রয়েছে। আমরা জানতে চাই, কোন রাজনৈতিক দল এই ধর্ষকদের পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে? যদি কোনো দল ধর্ষকদের রক্ষা করতে ঢাল হিসেবে দাঁড়ায়, তবে দেশের জনগণ সেই দলকে লাল কার্ড দেখিয়ে দেবে।”
শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন; “২৪-পরবর্তী বাংলাদেশে ধর্ষণের বিচারের জন্য ছাত্র-জনতাকে মাঠে নামতে হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক। অতীতেও আমরা রাজপথে নেমেছি, কিন্তু আইনের সুশাসন না থাকায় বিচার পায়নি। বর্তমানেও একটি পক্ষ ক্ষমতার দাপটে একই ধরনের অপরাধ শুরু করেছে। আমি সতর্ক করতে চাই, যারা দলের নাম ভাঙিয়ে এসব করছে, তাদের লাগাম টেনে ধরুন; অন্যথায় ছাত্র-জনতাই আপনাদের বিচার করবে।
বিএনপি সরকারের প্রতি আমাদের আহ্বান—প্রতিটি ধর্ষণের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করুন। দুঃখজনক যে, দেশে যখন খুন-ধর্ষণ চলছে, তখন একদল মানুষ ভিনদেশি তারকাদের বিয়ে নিয়ে মেতে আছে। একই সাথে ‘দালাল মিডিয়াগুলো’ জনগুরুত্বপূর্ণ বিষয় বাদ দিয়ে চাটুকারিতায় লিপ্ত। আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব, কোনো ফ্যাসিস্ট কাঠামো আমাদের দমাতে পারবে না।”
মন্তব্য করুন