জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে কুমিল্লার দেবীদ্বার উপজেলা নিয়ে গঠিত কুমিল্লা-৪ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা ও রাজনৈতিক হিসাব-নিকাশ। ভোটের আর মাত্র সাত দিন বাকি থাকায় প্রকাশ্য সভা-সমাবেশের পাশাপাশি নীরব কৌশলেও চলছে তীব্র প্রতিযোগিতা।
এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী উচ্চ আদালতে শেষ আইনি লড়াইয়েও প্রার্থিতা ফিরে পাননি। ফলে নির্বাচনের মাঠে তৈরি হয়েছে নতুন সমীকরণ। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এখন আলোচনার কেন্দ্রে রয়েছেন গণঅধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রার্থী মো. জসিম উদ্দিন।
স্থানীয় সূত্র জানায়, প্রার্থিতা বাতিলের পর মঞ্জুরুল আহসান মুন্সী ও তাঁর পরিবার প্রকাশ্যে জসিম উদ্দিনকে সমর্থন জানিয়েছেন। দেবীদ্বারে নিজ বাসভবনে নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে তিনি ঘোষণা দেন, তাঁর কর্মী-সমর্থকেরা জসিম উদ্দিনের পক্ষে মাঠে কাজ করবেন। গণঅধিকার পরিষদের নেতারাও দাবি করেছেন, বিএনপি অভ্যন্তরীণভাবে জসিম উদ্দিনকে সমর্থনের নির্দেশনা দিয়েছে।
অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছেন। ইতোমধ্যে খেলাফত মজলিস ও জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারাও হাসনাতকে সমর্থন জানিয়েছেন। ফলে এই আসনে মূল লড়াই হাসনাত আবদুল্লাহ ও জসিম উদ্দিনের মধ্যেই সীমাবদ্ধ হতে পারে বলে মনে করছেন স্থানীয় পর্যবেক্ষকরা।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের আবদুল করিম ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ইরফানুল হক সরকারও নিজ নিজ এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। প্রার্থীরা সুষ্ঠু ভোট হলে বিজয়ের আশা প্রকাশ করছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জোটগত সমর্থন ও ভোটের হিসাব-নিকাশ মিলিয়ে কুমিল্লা-৪ আসনের নির্বাচন শেষ মুহূর্তে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠতে পারে।
মন্তব্য করুন