
কুমিল্লায় একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়ার বাবার সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন নিহত রুবি আক্তারের স্বামী মো. খলিলুর রহমান জুয়েল। সোমবার (১৮ আগস্ট) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, অস্ত্রের মুখে জিম্মি করে তাকে সাজানো বক্তব্য দিতে বাধ্য করা হয়, যা পরে ডকুমেন্টারিতে প্রচারিত হয়েছে।
খলিলুর রহমান জানান, এর আগে তিনি এক টেলিভিশন চ্যানেলে উপদেষ্টার বাবার সম্পৃক্ততার ইঙ্গিত দিয়েছিলেন। এর পরপরই সন্ত্রাসীরা তাকে তুলে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখায় এবং জোরপূর্বক নতুন বক্তব্য দিতে বাধ্য করে। তিনি বলেন, “রাষ্ট্রের ক্ষমতাশালী উপদেষ্টার কাছে আমরা অসহায়। জুলুমের শিকার হয়েও বলতে পারি না আমরা জুলুমের শিকার।”
সংবাদ সম্মেলনে নিহত রুবি আক্তারের মেয়ে রুমা আক্তারও অভিযোগ করেন, “আসিফ মাহমুদের বাবার নির্দেশেই এই হত্যাকাণ্ড হয়েছে। সেদিন আমরা আড়াই ঘণ্টা পুলিশের সহায়তা চেয়েছি, কিন্তু কোনো সহযোগিতা পাইনি।” তিনি দাবি করেন, মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হলে হত্যার আসল রহস্য বেরিয়ে আসবে।
মন্তব্য করুন