
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদ, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিট এবং কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চৌধুরী সোহেল। সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ পত্রিকা সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক হাকী মোহাম্মদ ফজলুর রহমান। সঞ্চালনা করেন কালের নতুন সংবাদ পত্রিকার সম্পাদক মো. খায়রুল ইসলাম।
মানববন্ধনে বক্তব্য দেন সাংবাদিক আব্দুল্লাহ ইবনে শাহজাহান, বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ শাখার সভাপতি আবুল হোসেন, হাওর টাইমসের সম্পাদক খায়রুল ইসলাম ভূইয়া, বিটিএন বাংলার সম্পাদক আসাউজ্জামান জুয়েল, কটিয়াদী বার্তার সহকারী সম্পাদক মো. মিজানুর রহমান, কিশোরগঞ্জ মডেল প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম নজরুল, জেলা সাংবাদিক ইউনিটের সভাপতি ফাইজুল হক গোলাপ এবং সাপ্তাহিক নবধারার সম্পাদক শহিদুল ইসলাম পলাশসহ অনেকে।
এছাড়া ভাটির সাতকাহন, আজকের পত্রিকা, দৈনিক দর্পণ, শুরূক, মুক্ত খবর, আজকের খবর, নওরোজ, সবার আগে, সকালবেলা, একুশে, সমাজ সংবাদ, অগ্রযাত্রা ও অন্যান্য গণমাধ্যমের অন্তত অর্ধশতাধিক প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অংশ নেন। বক্তারা তুহিন হত্যার দ্রুত বিচার, সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা বন্ধ এবং নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মন্তব্য করুন