চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের চন্ডিপুর মৌজায় এক অসহায় পরিবারের জমি জবরদখল করে জোরপূর্বক বাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি বর্তমানে আদালতে বিচারাধীন এবং ওই জমিতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি থাকলেও প্রতিপক্ষ নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী সাদিকুল ইসলাম মিঠু।
জানা গেছে, চন্ডিপুর মৌজার ১৭৩ জে.এল নম্বরের ৫৯২ খতিয়ানে আটটি দাগে সাদিকুল ইসলাম মিঠুর মালিকানাধীন ০.২৫ শতক জমির ওপর প্রতিবেশী শফিকুল ইসলাম দেড় শতক জমি জোরপূর্বক দখল করে বাড়ি নির্মাণ শুরু করেন। মিঠু প্রতিবাদ করলে তাকে হুমকি ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে তিনি অভিযোগ করেন। নিরুপায় হয়ে তিনি আদালতের শরণাপন্ন হলে গত ২৯ জানুয়ারি আদালত সংশ্লিষ্ট জমির ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন, যা এখনো বহাল রয়েছে।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে শফিকুল ইসলাম দাবি করেন, “আমার জমির পরিমাণ সাড়ে ২৩ শতক এবং আমি ১৪ ইঞ্চি ছেড়ে নির্মাণকাজ শুরু করেছি। আমরা দীর্ঘদিন ধরে একটি ঘরে মানবেতর জীবনযাপন করছি।”
এ বিষয়ে তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, “আদালতের নির্দেশনা অনুযায়ী আমি ঘটনাস্থলে গিয়ে বাড়ি নির্মাণকাজ বন্ধ করে দিয়েছি। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত কাজ বন্ধ থাকবে।”
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, “গত ২৫ মার্চ আদালতের পাঠানো একটি নোটিশ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন