দলের নিবেদিত প্রাণ এবং ত্যাগী নেত্রী হিসেবে পরিচিত শাম্মী আক্তারকে সংরক্ষিত নারী আসনে মনোনীত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি।
দলীয় সূত্র ও নেতাকর্মীদের মতে, দীর্ঘদিন ধরে তিনি দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
প্রায় ১৬ বছর ধরে রাজপথের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা এবং একাধিকবার জেল-জুলুমের শিকার হওয়ার কথাও দলীয় নেতারা উল্লেখ করেছেন।
তাদের দাবি, আন্দোলন-সংগ্রামের কঠিন সময়েও তিনি দলীয় অবস্থান থেকে পিছিয়ে যাননি, বরং সংগঠনের কাজে অবিচল থেকেছেন।

এই ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই তাকে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়।
দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, দুই দিনের সাক্ষাৎকার ও যাচাই-বাছাই শেষে যোগ্যতা ও সাংগঠনিক অবদান বিবেচনায় ৩৬ জন নারী প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েছে।
মনোনয়ন পাওয়ার পর স্থানীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ দেখা গেছে। তারা শাম্মী আক্তারের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামকে এই মনোনয়নের মাধ্যমে স্বীকৃতি দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন।
এদিকে রাজনৈতিক অঙ্গনে এই মনোনয়নকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে নেতাকমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
মন্তব্য করুন