জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা তার নির্বাচনী এলাকা সরাইলের হাসপাতালের ভয়াবহ চিত্র তুলে ধরে বলেছেন—“হাসপাতালটি নিজেই যেন একটি রোগী।”
বৃহস্পতিবার জাতীয় সংসদে আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
সংসদ সদস্য জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের প্রায় সাড়ে তিন লাখ মানুষের জন্য রয়েছে মাত্র একটি ৫০ শয্যার হাসপাতাল, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
তিনি বলেন, হাসপাতালটিতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর তীব্র সংকট দীর্ঘদিন ধরে বিরাজ করছে। তার দেওয়া তথ্য অনুযায়ী—চিকিৎসকের ৯টি, নার্সের ৬টি, মেডিকেল টেকনোলজিস্টের ২টি, ফিল্ড স্টাফের ১৫টি এবং স্বাস্থ্য সহকারীর ৮টিসহ মোট ৬৪টি পদ শূন্য রয়েছে।
রুমিন ফারহানা আরও বলেন, শুধু জনবল নয়—হাসপাতালটিতে প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক চিকিৎসা সরঞ্জামেরও ঘাটতি রয়েছে, যার কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি জানান, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়নের জন্য প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু ঠিকাদার কাজ অসমাপ্ত রেখে চলে যাওয়ায় সেই প্রকল্প আজও বাস্তবায়ন হয়নি। ফলে এখনো পুরোনো দোতলা ভবনেই চলছে চিকিৎসাসেবা।
এ সময় তিনি সরকারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত হাসপাতালের জনবল সংকট নিরসন, অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করার দাবি জানান।
সংসদে এই আলোচনায় অংশ নিয়ে অন্যান্য সংসদ সদস্যরাও তাদের নিজ নিজ এলাকার হাসপাতালগুলোর একই ধরনের সংকটের চিত্র তুলে ধরেন। তারা শয্যা সংখ্যা বৃদ্ধি এবং নতুন হাসপাতাল নির্মাণের দাবি জানান।
বিশ্লেষকদের মতে, দেশের বিভিন্ন অঞ্চলের স্বাস্থ্যখাতে এই ধরনের সংকট দূর করতে সমন্বিত পরিকল্পনা এবং দ্রুত বাস্তবায়ন জরুরি হয়ে পড়েছে।
মন্তব্য করুন