ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে পদত্যাগ করেছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। রোববার (২২ ফেব্রুয়ারি) তিনি শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলনের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র হস্তান্তর করেন।
উপাচার্যের প্রটোকল অফিসার মোহাম্মদ ফিরোজ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপাচার্য সকালে মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি। পদত্যাগপত্র গৃহীত হলে পরবর্তী প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হবে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে ড. নিয়াজ আহমদ খান দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেন। তিনি জানান, আপৎকালীন পরিস্থিতি কেটে গেছে এবং বিশ্ববিদ্যালয়ে সার্বিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। দায়িত্ব পালনের এই পর্যায়ে এসে তিনি সরে দাঁড়াতে চান।
উপাচার্য বলেন, দায়িত্ব হস্তান্তরের ক্ষেত্রে কোনো শূন্যতা সৃষ্টি না হয় এবং প্রশাসনিক ধারাবাহিকতায় ব্যাঘাত না ঘটে, সে বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। সরকার ও সংশ্লিষ্টরা যদি মনে করেন ধারাবাহিকতা রক্ষায় কিছু সময় প্রয়োজন, সে ক্ষেত্রে তিনি তা বিবেচনায় নিতে প্রস্তুত আছেন।
ড. নিয়াজ আহমদ খান আরও জানিয়েছেন, তিনি প্রশাসনিক দায়িত্ব ছাড়ার মাধ্যমে রাজনৈতিক সরকারকে নিজেদের মতো প্রশাসন পুনর্গঠনের সুযোগ দিতে চান। প্রয়োজনে সরকারের প্রতি সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। পাশাপাশি দ্রুত ডেপুটেশন শেষ করে শিক্ষকতার মূল দায়িত্বে ফিরে যাওয়ার অনুমতি চাইবেন।
মন্তব্য করুন