ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান। একইসঙ্গে বিরোধীদলীয় উপনেতা হচ্ছেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধীদলীয় চিফ হুইপ হিসেবে দায়িত্ব পাচ্ছেন নাহিদ ইসলাম।
সংসদ সদস্যদের শপথ গ্রহণ শেষে মঙ্গলবার অনুষ্ঠিত সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। বৈঠকে অংশ নেওয়া গাইবান্ধা জেলার জামায়াতের আমির ও গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
সংসদে বিরোধী রাজনৈতিক শক্তির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। পাশাপাশি বিরোধীদলীয় চিফ হুইপ পদে দায়িত্ব পেয়ে সংসদীয় কার্যক্রমে অংশ নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি, যা জোটভিত্তিক রাজনৈতিক সমন্বয়ের নতুন দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
দলীয় সূত্র জানিয়েছে, সংসদে বিরোধীদলীয় নেতৃত্ব নির্ধারণের বিষয়ে শিগগিরই ১১ দলীয় জোটের পক্ষ থেকে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নতুন সংসদে বিরোধীদলীয় ভূমিকা কার্যকর রাখতে নীতি নির্ধারণ, আইন প্রণয়ন প্রক্রিয়ায় গঠনমূলক সমালোচনা এবং গণতান্ত্রিক ভারসাম্য রক্ষায় এই নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।
নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সরকার ও বিরোধী দলের মধ্যে নীতিনির্ধারণী আলোচনা এবং সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মন্তব্য করুন