ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে বড় ব্যবধানে জয় পেয়েছেন হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বেসরকারি ফলাফলে দেখা গেছে, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা আবু বকর সরকার বৃহস্পতিবার রাত ১২টার দিকে বেসরকারিভাবে রুমিন ফারহানাকে বিজয়ী ঘোষণা করেন। প্রাপ্ত ফলাফল অনুযায়ী, আসনটির মোট ১৫১টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে হাঁস প্রতীক নিয়ে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ৪৯৫ ভোট। অন্যদিকে বিএনপি জোটের প্রার্থী এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুরগাছ প্রতীক নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৯২৭ ভোট।
নির্বাচনে এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা ও বিএনপি জোট মনোনীত প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবের মধ্যে। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই আসনটিকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনা লক্ষ্য করা যায়। ভোটগ্রহণ শেষে গণনার ফলাফলে রুমিন ফারহানা শুরু থেকেই এগিয়ে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ফলাফল ঘোষণার পর তার সমর্থক ও কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেলেও প্রশাসনের পক্ষ থেকে সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক গেজেট প্রকাশের মাধ্যমে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্তব্য করুন