পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের দায়ে জামায়াতের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রে দায়িত্বরত পোলিং অফিসারকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ সিদ্ধান্ত দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—মেহেদি হাসান খাদেম (৩২) এবং রাইহান হোসেন (২৩)।
স্থানীয় সূত্র জানায়, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুইজন এজেন্ট নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রের মধ্যে প্রবেশ করেন। তদন্তে দেখা যায়, কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এই অনিয়মে সহায়তা করেছেন। তিনি স্থানীয় ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকর স্ত্রীরাও বর্ণিত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন। অভিযুক্তদের প্রতি ৫,০০০ টাকা অর্থদণ্ড আর অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
পোলিং অফিসার মোছাঃ সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটের স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন