নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী সোনিয়া, ক্যারিয়ারের তুঙ্গে থাকতেই শোবিজ ছেড়ে পাড়ি জমান বিদেশে। সালমান শাহ, ওমর সানী, রিয়াজসহ সে সময়ের জনপ্রিয় নায়কদের বিপরীতে অভিনয়ের সুযোগ পেলেও একক নায়িকা হিসেবে তেমন প্রতিষ্ঠা পাননি তিনি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনিয়া অভিযোগ করে বলেন, “আমি ফিল্ম পলিটিকসের শিকার হয়েছিলাম। আমার চুক্তিবদ্ধ সিনেমায় অন্য নায়িকাকে নিয়ে শুটিং করা হতো। অনেক সময় আমার সংলাপ ও গান বাদ দেওয়া হতো। এমনকি এক সিনেমায় আমাকে নেতিবাচক চরিত্রে দেখানো হয়েছিল—তখন বুঝিনি, এখন বুঝি কতটা পলিটিকসের মধ্যে দিয়ে গেছি।”
তিনি আরও বলেন, “নায়করাজ রাজ্জাকের হাত ধরেই আমি নায়িকা হয়েছি। রিয়াজের প্রথম সিনেমা আমার সঙ্গে, দ্বিতীয়টি করেছি ওমর সানী ভাইয়ের সঙ্গে। অথচ এত ভালো শুরু হয়েও সিনেমায় টিকে থাকা সম্ভব হয়নি।”
অভিনয় জীবনের শুরুতে সোনিয়া মাত্র দশম শ্রেণিতে পড়তেন। তার প্রথম সিনেমা ‘মাস্তান রাজা’। এরপর এসএসসি শেষ করে অভিনয় করেন ‘প্রেম শক্তি’তে—যেখানে ৩০ জনের মধ্যে অডিশনে নির্বাচিত হয়েছিলেন তিনি।
দেশ ছাড়ার আগে তাকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘বউ-শাশুড়ির যুদ্ধ’ সিনেমায়। তার উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে — ‘স্বপ্নের ঠিকানা’, ‘বাংলার নায়ক’, ‘শত জনমের প্রেম’, ‘প্রেম প্রতিশোধ’, ‘পরান কোকিলা’, ‘মিথ্যার মৃত্যু’, ‘অজান্তে’ ও ‘ভয়ংকর সাত দিন’।
মন্তব্য করুন