কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ মো. শরিফ (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ সূত্রে জানা যায়, সোমবার সকাল ১০টা থেকে ১১টার দিকে কুলিয়ারচর থানার ছোট ছয়সূতী এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওই এলাকার অষ্টগ্রাম অটো রাইস মিলের সামনে, ভৈরব-কিশোরগঞ্জ পাকা সড়কের পশ্চিম পাশ থেকে তাকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত মো. শরিফ মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার দুর্গাপুর এলাকার মৃত চান মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত গাঁজাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। অধিদপ্তরের পরিদর্শক জনাব চন্দন গোপাল সুর বাদী হয়ে কুলিয়ারচর থানায় এই মামলাটি দায়ের করেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের এই ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য করুন