
১৩ বছর পর ভারতীয় কোচ পেল ভারতের জাতীয় ফুটবল দল। শুক্রবার (১ আগস্ট) অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন—এআইএফএফ এর নির্বাহী কমিটির সিদ্ধান্তে জাতীয় দলের নতুন কোচ হিসেবে দায়িত্ব পেলেন খালিদ জামিল।
৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা এই প্রাক্তন মিডফিল্ডার, কোচ হিসেবে দেশের বিভিন্ন ক্লাবকে সাফল্য এনে দিয়েছেন। তবে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন—২০১৭ সালে আইজল এফসিকে আই-লিগ চ্যাম্পিয়ন করা। যা ভারতীয় ফুটবলের ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা হিসেবে বিবেচিত।
দীর্ঘ সময় ধরে জাতীয় দলের ডাগআউট ছিল বিদেশিদের দখলে। সর্বশেষ ২০১১-১২ সালে সাভিও মেদেইরা ছিলেন দেশি কোচ হিসেবে দায়িত্বে। এবার সেই অধ্যায় আবারও ফিরলো খালিদ জামিলের মাধ্যমে।
এআইএফএফের টেকনিক্যাল কমিটি তিনজনের সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। সেখান থেকে বেছে নেওয়া হয় খালিদ জামিলকে। তালিকায় আরও ছিলেন সাবেক ভারত কোচ স্টিফেন কনস্ট্যানটাইন এবং স্লোভাক জাতীয় দলের সাবেক কোচ স্টেফান টারকোভিচ।
খালিদের নিয়োগে দেশীয় ফুটবলের নবতর জাগরণ দেখছেন বিশ্লেষকরা।
মন্তব্য করুন