
নারায়ণগঞ্জ সোনারগাঁ থানা পুলিশের অভিযানে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে তল্লাশিকালে এক হাজার পিস ইয়াবাসহ মোঃ আলম নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে ।
সোমবার (২৮ জুলাই) রাত ৮ টার দিকে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ার চর এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা টোলপ্লাজা সংলগ্ন চেকপোস্ট এলাকায় এ অভিযান চালানো হয়।সোনারগাঁ থানার এসআই মোঃ নাইমুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ডিউটির অংশ হিসেবে মহাসড়কের ঢাকামুখী লেনে অবস্থান নিয়ে বিভিন্ন সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালান। এ সময় ঢাকা মেট্রো-ব-১৫-৬৯৫০ নম্বরযুক্ত একটি হানিফ পরিবহনের বাস চেকপোস্টে পৌঁছালে পুলিশ থামার সংকেত দেয়।
বাস থামার সঙ্গে সঙ্গেই এক যাত্রী কৌশলে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। পরে তার শরীর তল্লাশি করে লুঙ্গির নিচে পরিহিত হাফ প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের কসটেপে মোড়ানো পলিথিনে রাখা ২০টি ছোট প্যাকেট উদ্ধার করা হয়।
প্রতিটি প্যাকেটে ৫০ টি করে মোট এক হাজার ইয়াবা পাওয়া যায়। আটক মোঃ আলম কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন মুছুনী ক্যাম্পের বাসিন্দা। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা তৈরি করা হয়েছে।
মন্তব্য করুন