
সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী ধারাবাহিক অভিযানে এক রাতে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ জুলাই) রাত ৯টার পর পৃথক তিনটি স্থানে এ অভিযান চালানো হয়। সিদ্ধিরগঞ্জ থানার এসআই মো. শাহ আলম, এসআই মো. মামুন খালাসী, এসআই মো. জহুরুল ইসলাম ও এসআই মো. নূরুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
গোপন সংবাদের ভিত্তিতে সোনামিয়া মার্কেট, বিহারী ক্যাম্প ও সুমিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় পাঁচজনকে। পুলিশ জানায়, তারা দীর্ঘদিন ধরে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে এসব এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করছিল।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন সুব্রত সরকার শুভ (২৯), যিনি সানারপাড় এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার পকেট থেকে ২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। মো. বাদল মিয়া (৫১) নিমাই কাশারী এলাকার ভাড়াটিয়া, তার লুঙ্গির ভাঁজে পাওয়া যায় আরও ১০ পুরিয়া হেরোইন। মোট ৩৫ পুরিয়া হেরোইনের বাজারমূল্য প্রায় ১০ হাজার ৫০০ টাকা।
এছাড়া মো. বিল্লাল হোসেন (৩০)-এর কাছ থেকে এক কেজি গাঁজা, মো. আবুল কালাম (৪৪)-এর কাছ থেকে ৩৫ পিস ইয়াবা ও আবদুল মতিন (৪৮)-এর কাছ থেকে ১০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। সব মিলিয়ে উদ্ধার মাদকদ্রব্যের বাজারমূল্য প্রায় ৭০ হাজার টাকা।
এসআই শাহ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে একযোগে একাধিক স্থানে অভিযান চালিয়ে মাদক কারবারিদের ধরা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে।”
এদিকে স্থানীয় বাসিন্দারা পুলিশি অভিযানে সন্তোষ প্রকাশ করে জানান, বিহারী ক্যাম্পসহ আশপাশের এলাকায় মাদকের বিস্তার ও রাতের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে গিয়েছিল। এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানান তারা।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মো. শাহিনুর আলম জানান, “এ ধরনের অভিযান চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে সমাজের সবস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।”
জুজা
মন্তব্য করুন