ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাংস্কৃতিক সংগঠন “আবৃত্তি আবৃত্তি”-এর আয়োজনে আয়োজিত হলো আবৃত্তি প্রতিযোগিতা ও বিদায় সংবর্ধনা-১৪৩২। মঙ্গলবার (১৩ মে) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) ১১৬ নম্বর কক্ষে এই আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল মাজেদ সাগর ও নওশীন পর্নিনী সুম্মা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সংগঠনিক সম্পাদক খান মাজহারুল হক লিপু। এছাড়াও উপস্থিত ছিলেন ইবি বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক আবু রায়হানসহ সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা।
জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে একে একে আবৃত্তি পরিবেশন করেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার এবং বিদায়ী সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
বিদায়ী সদস্যরা আবেগঘন বক্তব্যে বলেন, “এই সংগঠন ছিল আমাদের দ্বিতীয় পরিবার। এখানে সিনিয়র-জুনিয়রদের মধ্যে ছিল সেতুবন্ধন। এখন আমাদের বিদায়ের সময়, তবে এই দূরন্ত মানুষগুলোর স্মৃতি ও সম্পর্ক আজীবন বয়ে বেড়াবো।”
সংগঠনের সভাপতি গোলাম রাব্বানী বলেন, “আবৃত্তি আবৃত্তি শুধু একটি সংগঠন নয়, এটি একটি শিখন-প্রক্রিয়ার প্ল্যাটফর্ম। যারা সংগঠনে যুক্ত থাকেন, তারা এখান থেকে অনেক কিছু শিখে বের হন।”
প্রধান অতিথি খান মাজহারুল হক লিপু বলেন, “২২ বছর ধরে আমি এই সংগঠনের সাথে যুক্ত। আজও সেই আগের মতো আন্তরিকতা ও আবৃত্তির প্রতি ভালোবাসা দেখতে পাচ্ছি। আমাদের প্রত্যেককে আবৃত্তি চর্চা করতে হবে ও শেখার চেষ্টা করতে হবে।”
প্রতিযোগিতার ফলাফল:
প্রথম স্থান: মারজিয়া ইসলাম (বাংলা বিভাগ, ২০২০-২১)
দ্বিতীয় স্থান: জিন্নাত মালিয়াত সীমা (ফোকলোর স্টাডিজ বিভাগ, ২০২০-২১)
তৃতীয় স্থান: খন্দকার আহনাফউজ্জমান (আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ২০২৩-২৪)
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।
মন্তব্য করুন