সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের ধুমঘাট শিলতলা গ্রামে শনিবার গভীর রাতে একটি ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। উপজেলার শিলতলা গ্রামের সৌদি প্রবাসী আবু বাক্কার গাজীর বাড়িতে এই ডাকাতি সংঘটিত হয় রাত আনুমানিক ২টার সময়।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, ৮ থেকে ১০ জনের একটি সশস্ত্র ডাকাত দল কালো মুখোশ পরে বাড়ির জানালার গ্রিল ভেঙে ভিতরে প্রবেশ করে। প্রথমেই তারা আবু বাক্কার গাজীকে বেঁধে ফেলে এবং তার শিশু সন্তানের গলায় ছুরি ধরে ভয় দেখায়। প্রায় দেড় ঘণ্টা ধরে পুরো পরিবারকে জিম্মি করে রাখে ডাকাত দল।
ডাকাতরা নগদ প্রায় ৫ লক্ষ টাকা এবং প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ১০ থেকে ১২ লক্ষ টাকার সম্পদ লুট করে নিয়ে যায়।বাড়ির মালিক আবু বাক্কার গাজী বলেন, “রাত ২টার দিকে হঠাৎ ঘরে ঢুকে আমাকে বেঁধে ফেলে এবং আমার সন্তানের গলায় ছুরি ধরে হুমকি দেয়। এরপর তারা আমার স্ত্রীর গলার সোনার হার, চেনসহ সব স্বর্ণালঙ্কার খুলে নেয় এবং আলমারি থেকে নগদ টাকা নিয়ে যায়।”
ঘটনার পরপরই শ্যামনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি এবং প্রাথমিক তদন্তের ভিত্তিতে সন্দেহভাজন দুইজনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এদিকে এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকাবাসী দাবি জানিয়েছে, ডাকাতির পুনরাবৃত্তি রোধে পুলিশের টহল ও নিরাপত্তা জোরদার করা হোক।
মন্তব্য করুন