ইরান ও যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই আলোচনায় মধ্যস্থতা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। যুদ্ধবিরতি চলাকালীন কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান ও ওমান বাণিজ্যিক জাহাজ থেকে নির্দিষ্ট ফি আদায়ের পরিকল্পনা করেছে।
বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, জাহাজ চলাচল থেকে সংগৃহীত অর্থ পুনর্গঠন কাজের জন্য ব্যবহৃত হবে। যুদ্ধ শুরু হওয়ার পর এই নৌপথ কার্যত বন্ধ ছিল, এবং ট্র্যাকিং তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির আগে মাত্র ৫ শতাংশ জাহাজ এই পথ ব্যবহার করতে সক্ষম হয়।
ইরান দাবি করেছে, প্রতিটি জাহাজ থেকে ২০ লাখ ডলার পর্যন্ত ফি নেওয়া হতে পারে। তবে এখনো নিশ্চিত নয় কোনো জাহাজ এটি পরিশোধ করেছে কি না।
অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধবিরতি লেবাননের ক্ষেত্রে প্রযোজ্য নয়। ইসরায়েল সমর্থন জানিয়েছে তবে শর্তসাপেক্ষে—ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে হবে এবং যুক্তরাষ্ট্র, ইসরায়েলসহ অঞ্চলের উপর হামলা বন্ধ করতে হবে।
হোয়াইট হাউসও নিজেদের বিজয় দাবি করেছে। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বিজয়, এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সামরিক বাহিনীর উদ্যোগে হরমুজ প্রণালি পুনরায় খোলা সম্ভব হয়েছে।
তিনি আরও উল্লেখ করেছেন, ট্রাম্পের ‘অপারেশন এপিক ফিউরি’ মূল লক্ষ্য মাত্র ৩৮ দিনের মধ্যে অর্জন করা হয়েছে, যা কূটনৈতিক সমাধান ও দীর্ঘমেয়াদি শান্তির পথ প্রশস্ত করেছে।
মন্তব্য করুন