রোববার রাজধানীর ভাটারায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ইস্টার সানডে উপলক্ষ্যে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের সার্বিক অগ্রগতিতে ধর্মকে ব্যবহার করে বিভাজন তৈরির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন।
মন্ত্রী বলেন, “কিছু রাজনৈতিক শক্তি ধর্মকে সামনে রেখে স্বার্থসিদ্ধি করতে চায়। তবে বাংলাদেশের হাজার বছরের সামাজিক প্রেক্ষাপটে ধর্মীয় বিভাজনের কোনো স্থান নেই। ধর্মবিশ্বাস মানুষের ব্যক্তিগত বিষয়, এবং রাষ্ট্রের প্রশাসনের মধ্যে এটি আনার কোনো প্রয়োজন নেই।”
তিনি আরও যোগ করেন, “আমরা এই দেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে বিশ্বের কাছে পরিচিত করতে চাই। আমাদের ভূখণ্ডে হাজার হাজার বছর ধরে পারস্পরিক ভ্রাতৃত্ব ও সৌহার্দের মধ্যে শান্তিতে বসবাস চলছে।”
কিছু রাজনৈতিক দলের নেতিবাচক কর্মকাণ্ডের কড়া সমালোচনা করে মন্ত্রী বলেন, “কিছু অশুভ শক্তি রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য অনৈক্য ও বিভাজনের চেষ্টা করছে। এমনকি কেউ মহান মুক্তিযুদ্ধকেও অস্বীকার করতে চায়, যা অত্যন্ত দুঃখজনক। আমাদের উচিত এই বৈচিত্র্যের মাঝে ভ্রাতৃত্ব ও সৌহার্দ আরও বাড়ানো।”
চলমান জ্বালানি সংকট প্রসঙ্গে মন্ত্রী বলেন, “বৈশ্বিক জটিল পরিস্থিতির কারণে সমস্যা হলেও সরকার দ্রুত দেশের বাইরে থেকে জ্বালানি আমদানি করছে। সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে তেল স্টক না করার জন্য সতর্ক থাকতে হবে। কোনো গুজবে বিভ্রান্ত হবেন না।”
শেষে তিনি বলেন, “বিএনপি তারেক রহমানের নেতৃত্বে জনগণের অকুণ্ঠ সমর্থনে সরকার গঠন করেছে। সত্য ও ন্যায়কে সামনে রেখে আমরা দেশকে আলোর পথে এগিয়ে নিয়ে যাব।”
মন্তব্য করুন