রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক ও একটি দেশীয় ওয়ান শ্যুটার বন্দুকসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে Rapid Action Battalion এর র্যাব-১০।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডেমরা থানার সারুলিয়ার সুকুশী পাথরঘাট এলাকায় একটি চারতলা ভবনের চতুর্থ তলার বাসায় মাদক কেনাবেচার খবর পায় র্যাব। এরপর অভিযান চালাতে গেলে লাল রঙের একটি শপিং ব্যাগ হাতে নিয়ে পালানোর চেষ্টা করেন এক ব্যক্তি। তাকে আটক করে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ৩ হাজার ৮৬৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১১ পুরিয়া ও ২৭৮ গ্রাম হেরোইন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ ৫০ হাজার টাকা।
আটককৃত ব্যক্তির নাম মোহাম্মদ ফাহিম হোসেন, বয়স ২৯। তিনি ডেমরার সারুলিয়ার সুকুশী পাথরঘাট এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে একই দিনে বিকেলে সারুলিয়ার জোকা সান্দিরা বালুরঘাট এলাকায় র্যাবের টহল গাড়ি দেখে পালানোর চেষ্টা করেন আরেক ব্যক্তি। সন্দেহজনক আচরণের কারণে তাকে আটক করে তল্লাশি চালালে তার কাছ থেকে একটি দেশীয় একনলা ওয়ান শ্যুটার বন্দুক এবং ১২ বোরের দুটি কার্তুজ উদ্ধার করা হয়।
আটককৃত ব্যক্তির নাম হাসিবুল হাসান শান্ত, বয়স ২৬।
অন্যদিকে র্যাব-১০ এর আরেকটি দল যাত্রাবাড়ী থানার দোলাইপাড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মোহাম্মদ মামুন মিয়াকে গ্রেফতার করে। তার কাছ থেকে ছিনতাইয়ের বিভিন্ন আলামতও উদ্ধার করা হয়েছে।
র্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মন্তব্য করুন